দেরাদুনে অধ্যয়নরত প্রয়াত ছাত্র এঞ্জেল চাকমার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি ফোনে এঞ্জেল চাকমার বাবার সঙ্গে কথা বলেন এবং ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে আশ্বাস দেন।মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, রাজ্য সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি বলেন, রাজ্যে এ ধরনের অমানবিক ও নিন্দনীয় ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি পলাতক আসামিদের খোঁজে পুলিশি তল্লাশি অব্যাহত রয়েছে।সরকারি সূত্রে জানা গেছে, এ ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার সঙ্গেও আলোচনা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।সরকার আরও জানিয়েছে, দেশ ও বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভুক্তভোগীর পরিবারকে ন্যায়বিচার প্রদান করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তদন্ত প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।