ত্রিপুরার তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় ভুয়া ফেসবুক অ্যাকাউন্টকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগে বিজেপির দুই কর্মীর বিরুদ্ধে সাইবার অপরাধের মামলা দায়ের হয়েছে।অভিযোগকারী তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তার অভিযোগ, “সুমন দাস” নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে সহ দলের একাধিক স্থানীয় নেতার বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ ও মানহানিকর পোস্ট করা হচ্ছিল। বিষয়টি সামনে আসতেই তিনি সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তে উঠে এসেছে যে অভিযুক্ত অ্যাকাউন্টটি বিজেপি কর্মী সন্দীপন চক্রবর্তীর মোবাইল নম্বর ব্যবহার করে খোলা হয়েছিল। পাশাপাশি, আরেক কর্মী দ্বীপনাথ ভৌমিকের নম্বর ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে ওই অ্যাকাউন্টটি পরিচালনা করা হচ্ছিল। এর ভিত্তিতে এই দুইজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।শনিবার সাইবার থানার তদন্তকারী দল তেলিয়ামুড়ায় গিয়ে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালায়। তবে সেখানে কাউকেই পাওয়া যায়নি। পুলিশের অনুমান, আগাম খবর পেয়ে তারা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে।সাইবার ক্রাইম কেস নম্বর ১৭/২৬ হিসেবে নথিভুক্ত এই মামলায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। পুলিশ জানিয়েছে, এটি একটি গুরুতর সাইবার অপরাধের ঘটনা এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষত, নিজেদের দলের কর্মীদের বিরুদ্ধেই এমন অভিযোগ ওঠায় তা নিয়ে অস্বস্তিতে পড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।