তুইসামা বাজার, রবিবার: এক সড়ক দুর্ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তুইসামা বাজার এলাকায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মনু বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বাম বিধায়ক প্রভাত চৌধুরী এবং তাঁর নিরাপত্তারক্ষী। বর্তমানে দু’জনেই কলাছরা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে প্রভাত চৌধুরী তাঁর নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে বাইকে করে তুইসামা বাজারের দিকে যাচ্ছিলেন। একটি ব্যস্ত মোড়ে পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে গুরুতর জখম হন নিরাপত্তারক্ষী, পাশাপাশি আঘাত পান প্রাক্তন বিধায়কও। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার খুঁটিনাটি জানতে এক্স-রে সহ একাধিক পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।
ঘটনার পরই বিস্ফোরক অভিযোগ তোলেন প্রভাত চৌধুরী। তাঁর দাবি, যে গাড়িটি ধাক্কা মারে তাতে বিজেপি দলের কয়েকজন নেতা ও কর্মী ছিলেন। নির্বাচনী বিধি ভেঙে অবাধে গাড়ি ব্যবহার এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।
প্রাক্তন বিধায়কের বক্তব্য, “আমরা নিয়ম মেনেই চলছিলাম। কিন্তু কিছু বিজেপি নেতা গাড়ি নিয়ে ঘুরে হুমকি দিচ্ছে। প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
তিনি আরও দাবি করেন, ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হামলা। তাঁর কথায়, “গাড়ির গতিবিধি এবং আমাদের অবস্থান দেখলেই বোঝা যাবে, এটি হত্যার চেষ্টা।” ইতিমধ্যে তিনি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানানোর কথা জানিয়েছেন।
ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি মেলেনি, তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর।
এখন দেখার, এই ঘটনা নিছক সড়ক দুর্ঘটনা হিসেবেই সীমাবদ্ধ থাকে, নাকি তদন্তে উঠে আসে আরও বড় কোনো ষড়যন্ত্রের চিত্র।