ভোটের সময় রাজনৈতিক নেতাদের আনাগোনা থাকলেও কাজের সময় দেখা মেলে না—এই অভিযোগেই ক্ষোভে ফুঁসছে কাকড়াবন বিধানসভার গর্জনমুড়া এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সমস্যায় জর্জরিত হয়ে শেষ পর্যন্ত নিজেরাই রাস্তা সংস্কারের কাজে নেমেছেন স্থানীয় মানুষজন।গর্জনমুড়া ১১ নম্বর বুথের ঘোষপাড়া এলাকায় প্রায় ১৪০০ ভোটার ও ৪০০টি পরিবারের বসবাস। এলাকাবাসীর দাবি, বছরের পর বছর ধরে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। কাদা, গর্ত ও ধুলোর মধ্যে দিয়েই প্রতিদিন যাতায়াত করতে হয়। বর্ষাকালে জল জমে রাস্তা কার্যত অচল হয়ে পড়ে, আর শুকনো দিনে ধুলোর দাপটে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে।স্থানীয়দের অভিযোগ, বাম আমল থেকে বর্তমান সরকার—দু’দফাতেই একাধিকবার জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হয়েছে। লিখিত আবেদন থেকে মৌখিক অনুরোধ—সবই করা হয়েছে। কিন্তু বাস্তবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিশ্রুতি মিললেও কাজের দেখা মেলেনি।এই রাস্তার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন অসুস্থ রোগী, স্কুলপড়ুয়া শিশু ও বয়স্ক মানুষজন। জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স বা যানবাহন ঢোকাতেও সমস্যা হচ্ছে বলে জানান এলাকাবাসী।অবশেষে প্রশাসনের দীর্ঘ নীরবতা ও জনপ্রতিনিধিদের উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে বাসিন্দারাই স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন। কোদাল-ফাওড়া হাতে নিয়ে নিজেরাই গর্ত ভরাট ও রাস্তা সমতল করার উদ্যোগ নেন তারা।এলাকাবাসীর স্পষ্ট বক্তব্য, আর আশ্বাস নয়—প্রয়োজন স্থায়ী সমাধান। তাদের মতে, রাস্তা সংস্কার কোনো অনুগ্রহ নয়, এটি মৌলিক নাগরিক অধিকার। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন স্থানীয়রা।