এডিসি নির্বাচনের দিন চাম্পাহাওর হাজারিপাড়া স্কুলের ১০ কুলাই ভোটকেন্দ্রে হঠাৎই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, ভোট চলাকালীনই একদল ব্যক্তি দা ও টাঙ্গালের মতো ধারালো অস্ত্র হাতে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটারদের ভয়ভীতি দেখায়।স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই কেন্দ্রে জাতি ও জনজাতি উভয় সম্প্রদায়ের ভোটারদের ভিড় ছিল। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। অভিযোগ উঠেছে, জনজাতি সমর্থকদের একটি অংশ আচমকাই উত্তেজিত হয়ে অ-জনজাতি ভোটারদের লক্ষ্য করে হুমকি দিতে শুরু করে।এই ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ ভোটারদের মধ্যে। বহু বাঙালি ভোটার নিরাপত্তার অভাবে ভোট না দিয়েই কেন্দ্র ছেড়ে চলে যান বলে জানা গেছে।এক মহিলা ভোটার জানান,“আমরা লাইনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখি একজনের হাতে টাঙ্গাল। আমাদের সরাসরি হুমকি দেওয়া হয়—চলে না গেলে বিপদ হবে। ভয়ে আমরা আর ভোট দিইনি।”ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সবকিছু চোখের সামনে ঘটলেও পুলিশ কার্যত নিষ্ক্রিয় ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি।এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপের দাবি উঠেছে। পাশাপাশি, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।