দক্ষিণ ত্রিপুরার কোয়াইফাংয়ে তিপ্রা মথা দলের এক জনসভা থেকে ফের একবার জনজাতিদের ঐক্যের বার্তা দিলেন দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। আসন্ন এডিসি নির্বাচনে জয়লাভের লক্ষ্য নিয়েই আগামী ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা স্পষ্ট করে দেন তিনি।জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যোত বলেন, জনজাতিদের ঐক্যবদ্ধ হলে কেউ তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। তাঁর অভিযোগ, বিজেপি নেতৃত্ব জনজাতিদের অর্থের বিনিময়ে প্রভাবিত করার চেষ্টা করছে। তবে তিনি স্পষ্ট ভাষায় জানান, টাকা দিয়ে জনজাতিদের আত্মসম্মান কেনা সম্ভব নয়।মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রদ্যোত বলেন, বিজেপির ২৮টি আসনে জয়ের দাবি বাস্তবসম্মত নয়। তাঁর দাবি অনুযায়ী, এবারের এডিসি নির্বাচনে তিপ্রাসারাই বিজয়ী হবে। শুধু তাই নয়, ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে তিপ্রা মথা সরকার গঠন করে একজন তিপ্রাসা মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় বসানোর লক্ষ্য রয়েছে দলের।এদিনের সভায় জনজাতিদের অধিকার, রোমান হরফে ককবরক ভাষার স্বীকৃতি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরব হওয়ার আহ্বান জানান তিনি। জনজাতিদের নিজেদের ভবিষ্যৎ রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের পথে এগিয়ে যাওয়ার বার্তাই ছিল প্রদ্যোতের বক্তব্যের মূল সুর।