কালীপূজার দশমীকে ঘিরে গতকাল গভীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে প্রতাপগড় এলাকা। অভিযোগ, শাসকদল বিজেপির একটি পার্টি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রের খবর, প্রতাপগড় ব্রিজ সংলগ্ন ৩১ নম্বর বিধানসভা এলাকায় কালীপূজার অনুষ্ঠান চলাকালীনই এই ঘটনা ঘটে। দশমীর রাতে আচমকাই একদল দুষ্কৃতী বিজেপির পার্টি অফিসে হামলা চালায় বলে অভিযোগ। হামলাকারীরা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এবং প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলে। পাশাপাশি অফিসের সামনে রাখা একাধিক মোটরবাইকও ভাঙচুর করা হয়।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।ঘটনার পর বেশ কিছু সময় কেটে গেলেও শাসকদলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এই নীরবতা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতাপগড় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।