ত্রিপুরার আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা প্রদানের দাবি ফের জোরালো হল সংসদে। বুধবার লোকসভায় কেন্দ্রের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর কাছে এই দাবি সরাসরি উত্থাপন করেন ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব।সাংসদের বক্তব্য, উত্তর-পূর্ব ভারতের দিকে যাত্রাকারীদের জন্য আগরতলা বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবেশদ্বার হিসেবে কাজ করছে। তিনি তথ্য তুলে ধরে জানান, বিমানবন্দরটি পিক আওয়ারেই ১,০০০ আন্তঃরাজ্য ও ২০০ আন্তর্জাতিক যাত্রী সামলানোর সক্ষমতা রাখে। রয়েছে ২০টি চেক-ইন কাউন্টার এবং বছরে ৩০ লক্ষ যাত্রী পরিবহনের পরিকাঠামো।আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি হিসেবে ত্রিপুরা সরকার ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে ১৮.৮৫ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও উল্লেখ করেন বিপ্লব দেব।এদিন তিনি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সমন্বয় করে এমবিবি বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট চালুর কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।