আগরতলার প্রভুবাড়ী এলাকায় একটি পুকুর বেআইনিভাবে ভরাট করা হয়েছে—এমন অভিযোগ একাধিক সূত্রে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার কাছে পৌঁছাতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন আগরতলা পুর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত ও পুর নিগমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।স্থানীয়দের অভিযোগ সত্যি বলেই নিশ্চিত হন মেয়র। তিনি স্পষ্ট জানান, পুকুর দখল বা ভরাট—যে কোনও ধরনের বেআইনি কাজকে কোনওভাবেই সহ্য করা হবে না। মেয়র আরও বলেন, “এটি পরিকল্পিতভাবে ভরাট করা হয়েছে। দখলদারদের অবিলম্বে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।”এছাড়াও পুরো ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি হয়েছে। অপরাধীদের ওপর জরিমানাও আরোপ করা হবে বলে জানান মেয়র মজুমদার।পুকুরটি দ্রুত দখলমুক্ত করে আগের অবস্থায় ফেরানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে পুর নিগমের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।