আগরতলা, ১৮ নভেম্বর: রাজ্যের নাগরিকদের উন্নত জীবনমান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর—এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আম্রুত ২.০ প্রকল্পের আওতায় আগরতলা পুর নিগম এলাকায় একাধিক উন্নয়নমূলক উদ্যোগের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ২০২১ সালের ১ অক্টোবর শুরু হয় অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন, অর্থাৎ আম্রুত প্রকল্প। এর লক্ষ্য শহর এলাকায় পানীয়জলের সুষ্ঠু ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, পার্ক সৌন্দর্যায়ন এবং আধুনিক নগর জীবনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন। মুখ্যমন্ত্রী বলেন, “আম্রুত ২.০ এবং স্বচ্ছ ভারত অভিযান—এই দুটি প্রকল্পই প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং তার সুফল আজ আগরতলাবাসী পাচ্ছেন।”
মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, নগরোন্নয়ন দপ্তর ও ত্রিপুরা জল বোর্ডের মাধ্যমে আজ যে প্রকল্পগুলির উদ্বোধন করা হলো, তা রাজ্যের উন্নয়নযাত্রায় এক উল্লেখযোগ্য মাইলফলক। প্রায় ১১২ কোটি টাকার এই প্রকল্পে ডিপ টিউবওয়েল, আয়রন রিমুভ্যাল প্ল্যান্ট, পাইপলাইন সম্প্রসারণসহ ২০৬ কিলোমিটারেরও বেশি পাইপলাইন স্থাপন করা হয়েছে। এর ফলে ১৬,২২৪টি পরিবারে নতুন পানীয়জলের সংযোগ পৌঁছে যাবে।
তিনি বলেন, জল মানুষের একটি মৌলিক অধিকার। তাই সবার জন্য নিরাপদ পানীয়জলের ব্যবস্থা করা সরকারের অগ্রাধিকারের বিষয়। ত্রিপুরায় ভূগর্ভস্থ জলের স্তর তুলনামূলকভাবে বেশি উপরে থাকায় এ সুযোগকে কাজে লাগিয়ে আরও উন্নত জল সরবরাহ ব্যবস্থার দিকে এগোনো হচ্ছে। একই সঙ্গে বৃষ্টির জল সংরক্ষণেও জোর দিচ্ছে সরকার।
শহরের বিভিন্ন পুকুর, লেক ও জলাশয়ের সংস্কারের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ২০১৯ সাল থেকে বহু জলাশয় সংস্কার করা হয়েছে, যদিও তা অনেক সময় সাধারণের নজরে আসে না। টুডার অধীনে একাধিক আবাসন প্রকল্প এবং শহর উন্নয়নের জন্য মাস্টার প্ল্যানও তৈরি হচ্ছে। তিনি জানান, ভগত সিং যুব আবাস এলাকায় ৯৬ কোটি টাকায় চলমান ৭২টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প শেষ পর্যায়ে রয়েছে। পুরাতন মোটরস্ট্যান্ডে মাল্টি-লেভেল কার পার্কিংয়ের সঙ্গে একটি স্টার হোটেল স্থাপনের কাজও শুরু হয়েছে।
নতুন উড়ালপুল নির্মাণ নিয়ে সরকারের ভাবনার কথাও উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষের মতামতকেই অগ্রাধিকার দেওয়া হবে। জোর করে কিছু করা হবে না।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, ত্রিপুরা জল বোর্ডের সিইও মিহির কান্তি গোপসহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।
মুখ্যমন্ত্রী বলেন, “উন্নয়নের পথে সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে। মানুষের আস্থা ও বিশ্বাস আমাদের শক্তি।” নতুন প্রকল্পগুলির উদ্বোধনের মধ্য দিয়ে আগরতলাকে আরও নাগরিক-বান্ধব ও পরিবেশ-বান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যই স্পষ্টত উজ্জ্বল হলো।