আইনের পেশা শুধুমাত্র জীবিকার মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক মিশন—এমন মন্তব্য করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বৃহস্পতিবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে বিজেপি লিগ্যাল সেলের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক লিগ্যাল সেল কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ন্যায়বিচার নিশ্চিত করতে ত্রিপুরা সরকার সর্বস্তরে আদালত গঠনের উদ্যোগ নিয়েছে। জেলা সদর ছাড়াও এখন মহকুমা স্তর পর্যন্ত আদালতের ব্যবস্থা করা হয়েছে, ফলে সাধারণ মানুষের বিচার পাওয়া আরও সহজ হয়েছে।
এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি।সভায় বক্তব্য রাখতে গিয়ে ডাঃ সাহা ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, একাধিক বিদেশি আক্রমণের পরও ভারত তার কৃষ্টি ও পরম্পরা অটুট রাখতে সক্ষম হয়েছে।
অতীতে স্বামী বিবেকানন্দ ভারতের নাম বিশ্বদরবারে উজ্জ্বল করেছিলেন, আর বর্তমান সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আইনজীবীদের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, মদন মোহন মালব্য, রাম জেঠমালানির মতো বহু বিশিষ্ট আইনজীবী ভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
কালো কোট বা গাউন আইনজীবীদের মর্যাদার প্রতীক বলেও উল্লেখ করেন তিনি।ডাঃ সাহা আরও বলেন, আইন ও রাজনীতি পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
সমাজের নানা স্তরের মানুষ প্রতিনিয়ত আইনজীবীদের কাছে নানান সমস্যা নিয়ে আসেন—পারিবারিক বিরোধ, জমি সংক্রান্ত বিষয় কিংবা গুরুতর অপরাধের মামলা। তাই আইনজীবীদের নিয়মিত নিজেদের আপডেট রাখা অত্যন্ত জরুরি।
তিনি আইনজীবীদের আহ্বান জানান ‘বিকশিত ভারত’ ও ‘বিকশিত ত্রিপুরা’ গঠনে অগ্রণী ভূমিকা পালনের জন্য। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে দেশ সঠিক দিশায় এগোচ্ছে বলেও মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সহ-সভাপতি ও বিশিষ্ট আইনজীবী সুবল ভৌমিক, বিজেপি লিগ্যাল সেলের প্রভারী ডাঃ অশোক সিনহা, কনভেনর বিশ্বজিত দেবসহ লিগ্যাল সেলের অন্যান্য সদস্যরা।