পশ্চিমবঙ্গে চাঞ্চল্য ছড়াল বহুল আলোচিত সাইবার প্রতারণা মামলায়। প্রায় ৬০০ কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হলেন শিল্পপতি পবন রুইয়া। মঙ্গলবার নিউটাউনের একটি হোটেলের সামনে থেকে তাঁকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ দমন শাখা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই দেশজুড়ে বিভিন্ন অনলাইন প্রতারণার মাধ্যমে আদায় করা বিপুল পরিমাণ অর্থ রুইয়া ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছিল বলে অভিযোগ। তদন্তকারীরা দাবি করেছেন, এই টাকা বিভিন্ন ভুয়ো সংস্থার নামে খোলা অ্যাকাউন্টের মাধ্যমে ঘুরিয়ে নেওয়া হত।এই মামলার সূত্রপাত ২০২৪ সালে, যখন বিধাননগরের ইকো পার্ক থানায় এক ব্যক্তি প্রতারণার অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে প্রায় ৩১৫ কোটি টাকার লেনদেনের হদিশ পাওয়া যায়। পরে তদন্ত এগোতেই সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় প্রায় ৬০০ কোটি টাকায়।গত বছরের নভেম্বর মাসে পবন রুইয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক এফআইআর দায়ের করে সাইবার ক্রাইম বিভাগ। এরপর তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়। তদন্তকারীদের মতে, রুইয়া ও তাঁর পরিবারের সঙ্গে যুক্ত একাধিক শেল কোম্পানির মাধ্যমে এই বিপুল অঙ্কের টাকা লেনদেন করা হয়েছে।তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে চাইছিল পুলিশ। যদিও এর আগে তিনি কলকাতা হাই কোর্ট থেকে আগাম জামিন পান। আদালত শর্তসাপেক্ষে সেই জামিন মঞ্জুর করেছিল এবং পাসপোর্ট জমা রাখার নির্দেশ দিয়েছিল।তবে মঙ্গলবার পুনরায় জামিনের আবেদন জানানো হলে তা খারিজ করে দেয় আদালত। এরপরই পুলিশ তাঁর খোঁজে তৎপর হয়। সূত্রের খবর, নিউটাউনে তাঁর অবস্থানের খবর পেয়ে দ্রুত অভিযান চালানো হয় এবং সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।এই ঘটনায় শিল্পমহলসহ প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই চক্রের সঙ্গে আরও অনেকের যোগ থাকতে পারে এবং আগামী দিনে আরও বড় তথ্য সামনে আসতে পারে।