১১ মাসের শিশুকে রেখে আত্মঘাতী হলেন তরুণী গৃহবধূ, দাম্পত্য অশান্তির জেরেই চরম পরিণতি?এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়াল শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর সাহাপাড়া এলাকায়। দাম্পত্য জীবনের অশান্তিকে কেন্দ্র করে ১১ মাসের শিশুকে রেখে আত্মঘাতী হলেন এক তরুণী গৃহবধূ। মৃতার নাম সমাপ্তি রুদ্র পাল। তাঁর স্বামীর নাম অশোক পাল।পরিবার সূত্রে জানা যায়, গতকাল ঘরের দৈনন্দিন কাজকর্ম ও শিশুর পরিচর্যাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য বিবাদ হয়। সেই সময় শাশুড়ির সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন সমাপ্তি। বিষয়টি শ্বশুরবাড়ির পক্ষ থেকে সমাপ্তির বাবা-মাকে জানানো হলে তাঁরা ফোনে মেয়েকে কিছুটা বকাঝকা করেন বলে দাবি। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।ঘটনার কিছুক্ষণ পর টিউশনে বেরিয়ে যান অশোক পাল। যাওয়ার আগে সমাপ্তি তাঁকে বাইরে থেকে খাবার নিয়ে আসার অনুরোধ করেছিলেন বলেও জানান তিনি। কিন্তু অশোক বাড়ি থেকে বেরোনোর পরই ঘটে যায় ভয়াবহ ঘটনা।পরিবারের দাবি, দীর্ঘক্ষণ ধরে বাথরুমের ভেতর থেকে কোনও সাড়া না পেয়ে অশোকের মা প্রথমে ফোনে বিষয়টি ছেলেকে জানান। এরপর প্রতিবেশীদের সাহায্যে বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে সমাপ্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।তড়িঘড়ি তাঁকে হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং গোটা ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ১১ মাসের শিশুকে রেখে এক তরুণী গৃহবধূর এমন করুণ পরিণতিতে পরিবার, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা গভীরভাবে মর্মাহত।