ত্রিপুরার বাতারমুড়া এলাকায় বিজেপির একটি বুথ অফিসে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। চড়িলাম মন্ডলের অন্তর্গত ৮ নম্বর বুথে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীরা বিজেপির দলীয় অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।
অফিসের আসবাবপত্র নষ্ট করার পাশাপাশি দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়। এমনকি সেখানে থাকা অন্যান্য সামগ্রীও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশালগড় থানার পুলিশ।
তারা পরিস্থিতি পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এলাকায় নিয়মিত পুলিশি টহল না থাকায় এমন ঘটনা ঘটছে।
এদিকে বিজেপি কর্মী সঞ্জীব দেববর্মা এক ভিডিও বার্তায় জানান, রাত প্রায় ১১টার পর এই ঘটনা ঘটে। তিনি দাবি করেন, আশেপাশের অন্যান্য রাজনৈতিক দলের অফিস অক্ষত থাকলেও শুধুমাত্র বিজেপির অফিসেই ভাঙচুর চালানো হয়েছে। যদিও তিনি নির্দিষ্ট কাউকে অভিযুক্ত করেননি।
তিনি আরও জানান, ইতিমধ্যেই বিষয়টি থানায় জানানো হয়েছে এবং পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। আসন্ন নির্বাচনের আগে এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হলেও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দেওয়া হয়েছে।