উত্তর–পূর্বাঞ্চলে পর্যটন সম্ভাবনাকে আরও প্রসারিত করতে আঞ্চলের বিভিন্ন শক্তিপীঠকে বিমান যোগাযোগের আওতায় আনার ওপর গুরুত্ব আরোপ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। শুক্রবার আগরতলায় ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স–এর সভায় তিনি এই মতামত ব্যক্ত করেন। সভাটি আয়োজন করে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) মন্ত্রক।ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরেড সাংমা, সিকিমের পর্যটন মন্ত্রী টি টি ভুটিয়া, অরুণাচল প্রদেশের পর্যটন মন্ত্রী পি বি সোনা এবং অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। ত্রিপুরা সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিকল্পনা দপ্তরের সচিব এল টি ডার্লং, পর্যটন সচিব ইউ কে চাকমা এবং পর্যটন পরিচালক প্রশান্ত বাদল নেগি।মুখ্যমন্ত্রী বলেন, “উত্তর–পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বর্তমানে আধুনিক চিকিৎসার ব্যাপক সুবিধা রয়েছে। ফলে শুধুমাত্র পর্যটনের জন্য নয়, চিকিৎসার সুবিধা গ্রহণ করতেও বহু মানুষ এই অঞ্চলে আসতে পারেন।” তিনি তাই মেডিক্যাল টুরিজম–এর ওপর বিশেষ জোর দেওয়ার পরামর্শ দেন।এছাড়া তিনি নর্থ ইস্ট ট্যুরিজম ট্রেন চালু করা, নর্থ ইস্ট ট্যুরিজম অ্যাপ তৈরি করা এবং আঞ্চলিক উৎসব যেমন হর্ণবিল উৎসব ও ইউনিটি প্রোমো ফেস্ট—এসবকে আন্তর্জাতিক পর্যটকদের সামনে আরও ব্যাপকভাবে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন। তার বক্তব্যে প্রতিফলিত হয় উত্তর–পূর্ব ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বের সামনে তুলে ধরার লক্ষ্য।